২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী আইএইচটিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সাধারণ ছাত্র, ছাত্রলীগ কর্মী ও পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 01:52 PM

রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সাধারণ ছাত্র, ছাত্রলীগ কর্মী ও পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ নিয়ে বুধবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের ছয়কর্মীকে আটক করেছে। আইএইচটি অধ্যক্ষ ডা. শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামি শুক্রবার আইএইচটি'র প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা হবে। বুধবার সকাল থেকে পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হয়। ইনস্টিটিউট শাখা ছাত্রলীগকর্মীরা প্রবেশপত্র বিতরণের দায়িত্ব নিতে চায়। কিন্তু তিনি সেটা করতে না দেওয়ায় বিকালে ছাত্রলীগ কর্মীরা তার ও শিক্ষকদের কক্ষ অবরুদ্ধ করে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় সাধারণ ছাত্ররা এগিয়ে এলে তাদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এলে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদেরও ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগকর্মীসহ ১০জন আহত হয়। আহত ছাত্রলীগ কর্মী ফিজিও থেরাপি তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম, বাবর আলী, রেডিওলোজি বিভাগের মির্জা মনিরুল ইসলাম ও ডেন্টাল বিভাগের মকবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগকর্মী ইমরান হোসেন, শহীদুল ইসলাম, সৌরভ, শাকিব রানা, দুলাল হোসেন ও সঞ্জিতকে আটক করেছে। আইএইচটি অধ্যক্ষ ডা. শাহজাহান আলী সাংবাদিকদের বলেন, আগামি শুক্রবার অনুষ্ঠেয় বিভিন্ন বিভাগে ২ হাজার ৬৩৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে ছাত্রলীগ নেতাদের বাণিজ্য করার সুযোগ না দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে। তারা শিক্ষকদের অবরুদ্ধ করে লাঞ্ছিত করেছে বলেও তিনি অভিযোগ করেন। নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি। আইএইচটি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৪৬ ঘ.