ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হলিক্রস আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১০ এর তৃতীয় রাউন্ড শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ আটটি দল পরস্পরের মুখোমুখি হবে শনিবার ।
দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার ১ম দিন শেষে শুক্রবার সন্ধ্যায় স্কুলের হলরুমে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ দলগুলোর নাম ঘোষণা করা হয়।
দলগুলো হচ্ছে- আইডিয়াল ডিবেটিং ক্লাব, ইউডব্লিউসিএ-১, ইউডব্লিউসিএ-২, নারায়ণগঞ্জ আইডিয়াল ডিবেটিং ক্লাব-১, নারায়ণগঞ্জ আইডিয়াল ডিবেটিং ক্লাব-২, স্পন্দন মাদ্রাসা ডিবেটিং সোসাইটি (ধরণী), গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব (জেরাল্ড), গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব (হোবার্ট)।
প্রতিযোগিতার ১ম পর্বে ৩৭টি, ২য় পর্বে ২০টি এবং ৩য় পর্বে ১২টি দল অংশ নেয়।
১ম পর্বের ১ম সেশনে বিতর্কের বিষয় ছিল, 'আগামীতে পূর্ব-পশ্চিমের সংস্কৃতি অভিন্ন হবে'। ২য় সেশনের বিতর্কের বিষয় ছিল, 'ভাষার বিকৃতিতে সাহিত্যিকের চেয়ে প্রচার মাধ্যমের ভূমিকা বেশি'। ২য় পর্বের বিতর্কের বিষয় ছিল, 'যোগাযোগ ক্ষেত্রে মোবাইল ফোনের চেয়ে ফেইসবুকের ভূমিকা বৈপ্লবিক'। ৩য় পর্বের বিষয় ছিল, 'প্রতিভা অন্বেষণে প্রতিযোগিতার প্রভাব মূলত নেতিবাচক'।
প্রতিযোগিতার ১ম পর্বটি সনাতনী ধারায় এবং পরবর্তী পর্বগুলো সংসদীয় ধারায় অনুষ্ঠিত হয়। শনিবারের সবগুলো বিতর্কও সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টা থেকে কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। এ ছাড়া ২য় পর্বের শ্রেষ্ঠ বিতার্কিকদের নিয়ে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। এরা হচ্ছেন- শাহরিয়ার আলম, আশফাকুর রহমান রাফি, জয়ন্তী চট্টোপাধ্যায়, নাইমা বিনতে আশরাফ, আমিনুর রাকিব, জিসান, শাইয়ান, কাজিম রেজা, অন্তর, তৌফিকুর রহমান, প্রমিতা রাণী মণ্ডল, তাসকিয়া তাহের ঐশী, সব্যসাচী রায়, নাফিস সাকিব, মুশফিকুর রহমান, এনায়েত, আরিফ আহম্মেদ, আবীর এহসান, শেফ রাফিদ, হাসিবা, ইসরাক জাহান।
এর আগে ফাইনাল বিতর্ক শেষে দুপুর বারোটায় বিতর্ক বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং হলিক্রস বিতর্ক ক্লাবের সদস্যরা অংশ নিতে পারবে। এছাড়া বিকালে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
'যুক্তির শুদ্ধ বিকাশ, সংস্কৃতির শুভ্র চেতনা, হোক নতুন পথ চলার অনুপ্রেরণা'
bdnews24