২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত বিদ্যালয়ের মাধ্যমে জেএসসি পরীক্ষা দেওয়া যাবে

অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে পার্শ্ববর্তী অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসার মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় অংশ নিতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 12:13 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন থেকে পার্শ্ববর্তী অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসার মাধ্যমে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় অংশ নিতে পারবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ কথা জানানো হয়। শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, অনুমোদন না পাওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিু মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসার মাধ্যমে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য অনুমোদন না পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ এলাকার শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে যোগাযোগ করারও নির্দেশ দেয়া হয়েছে। অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে অনুমোদন না পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। পরিপত্রে বলা হয়, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে এখন থেকে বার্ষিক পরীক্ষা ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পরিবর্তে জেএসসি বা সমমান পরীক্ষা দিতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা বোর্ডের অনুমোদন না পাওয়া জুনিয়র স্কুল/কিন্ডারগার্টেন/মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের জন্যও জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি সমভাবে প্রযোজ্য। এতে আরো বলা হয়, জেএসসি বা সমমান পরীক্ষার জন্য প্রতি শিক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত ১৫০ টাকা ফি দিতে হবে। তবে অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জেএসসি বা সমমান পরীক্ষায় অংশ নিতে বোর্ডের নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ৫০ টাকা ফি দিতে হবে। পরিপত্রে জানানো হয়, এজন্য অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/কেএমএস/১৭০৮ ঘ.