ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ইডেন কলেজের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়।
অভিযোগ রয়েছে, গত ৯ মে ডা. রফিক উদ্দিনের চেম্বারে ইডেন কলেজের এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হন। এ ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।
এরই অংশ হিসাবে তারা রোববার সকালে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে। পরে মিছিল করে তারা সচিবালয় অভিমুখে অগ্রসর হয়। পুলিশ শিশু একাডেমীর সামনে তাদের বাঁধা দেয়।
শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশের পর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে আসে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিচার, কলেজে মেডিকেল সেন্টার চালু এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ, নিপীড়িত শিক্ষার্থীকে হয়রানি বন্ধ, কলেজে যৌন নিপীড়ন বিরোধী অভিযোগ সেল গঠন এবং নীতিমালা বাস্তবায়ন, সর্বক্ষেত্রে নারীদের চিকিৎসায় ডাক্তারের পাশাপাশি নার্সের উপস্থিতি নিশ্চিত করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৯ ঘ.
bdnews24