২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: মন্ত্রী

সরকারি মাসিক অনুদান (এমপিও) তালিকায় নাম না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদালতে না যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 05:19 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি মাসিক অনুদান (এমপিও) তালিকায় নাম না থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদালতে না যাওয়ার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, "সরকার পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই এমপিওভুক্ত করবে। তাই তাদের কারো মামলা করা উচিত নয়। এতে এমপিও পাওয়া ব্যাহত হবে।" শিক্ষামন্ত্রী বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। পর্যালোচনার পর নতুন এমপিও তালিকা থেকে বাদ পড়ায় কয়েকটি স্থানে বিক্ষোভ এবং কয়েকটি প্রতিষ্ঠান মামলার করার হুমকি দেওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। মন্ত্রীর আহ্বান সত্বেও মামলা হলে সরকারের অবস্থান কি হবে- জানতে চাইলে তিনি বলেন, "তারপরও কেউ মামলা করলে আর কি করা যাবে। আদালতের আদেশই আমাদের মেনে নিতে হবে। আদালত যে সিদ্ধান্ত দেবে, মন্ত্রণালয় তাই মেনে নেবে।" নাহিদ বলেন, "নতুন বাজেটের পর কীভাবে বাকিদের দ্রুত এমপিওভুক্ত করা যায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো।" নতুন তালিকা পুনর্মূল্যায়ন করা যেতো কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, "উপদেষ্টা চূড়ান্ত তালিকা দেওয়ার পর তা পুনর্মূল্যায়ন করার ক্ষমতা আমার আছে। ক্ষমতা আছে বলেই যে তা প্রয়োগ করতে হবে, তা ঠিক নয়- এটা শোভনও নয়।" শিক্ষা নীতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ নীতি বাস্তবায়নে সহায়তার জন্য একটি তদারকি কমিটি হবে। তবে এ কমিটি কতদিনে হবে, সে ব্যাপারে মন্ত্রী কিছু জানাননি। প্রাথমিক শিক্ষা কতদিনে অষ্টম শ্রেণীতে উন্নীত হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা পাইলট প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এ নিয়ে চিন্তা ভাবনা চলছে। এক্ষেত্রে মন্ত্রণালয় পুনর্গঠনেরও প্রয়োজন রয়েছে। এতে অর্থেরও প্রয়োজন হবে। সেসব বিষয় নিয়ে উন্নয়ন সহযোগীদের নিয়ে আলোচনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/২৩১৫ ঘ.