রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাবি উপাচার্যের বাসভবনে হামলার একটি মামলা থেকে ছাত্রলীগের দুই নেতাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রুহুল আমিন এ আদেশ দেন।
খালাসপ্রাপ্তরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এবং ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন সরকার দীপ।
২০০৭ সালে রাবি উপাচার্য ভবনে হামলা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মতিহার থানায় এ মামলা হয়েছিল।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২২ আগস্ট ছাত্রবিক্ষোভ চলাকালে রাবি উপাচার্য ভবনে ভাংচুর চালায় বিক্ষুব্ধ ছাত্ররা। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সে সময়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি বাদী হয়ে এই দুইজনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) ইব্রাহীম হোসেন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24