২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক শিক্ষাক্রমে থ্যালাসিমিয়া অন্তর্ভুক্তির প্রস্তাব

মাধ্যমিক শিক্ষাক্রমে থ্যালাসিমিয়া বিষয়ক পাঠভুক্তির প্রস্তাব করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 05:13 PM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক শিক্ষাক্রমে থ্যালাসিমিয়া বিষয়ক পাঠভুক্তির প্রস্তাব করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন। আন্তর্জাতিক থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব করেন। বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি এবং একশন এইডের উদ্যোগে 'থ্যালাসিমিয়া এবং জাতীয় স্বাস্থ্য নীতি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন বলেন, "মাধ্যমিক শিক্ষাক্রমে এটি অর্ন্তভুক্ত করলে শিক্ষার্থীরা এ রোগের ভয়াবহতা এবং এর প্রতিরোধের উপায় জানতে পারবে।" আলোচনায় মূল প্রবন্ধে অধ্যাপক মঞ্জুর মোর্শেদ জানান, দেশে এক কোটিরও বেশি থ্যালাসিমিয়াবাহক রোগী রয়েছে। প্রতি ঘণ্টায় জন্ম নেওয়া শিশুদের একজনের শরীরে থ্যালাসিমিয়া রয়েছে। স্বাগত বক্তব্যে থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের মহাসচিব ডা. মো. আব্দুর রহিম থ্যালাসিমিয়াকে জাতীয় স্বাস্থ্যনীতিতে আলাদা কৌশলের অধীনে অর্ন্তভুক্ত করার দাবি জানান। অধ্যাপক রশীদ ই মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক অধ্যাপক শরফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২৩০৬ ঘ.