রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে এক সহকর্মী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শনিবার কর্মবিরতি পালন করেছেন সব প্রাধ্যক্ষ।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও মাদার বখ্স হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কেউ শনিবার অফিস করেননি।
আগামী সাত দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
সিট দখলকে কেন্দ্র করে বুধবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মর্ত্তুজা খালেদকে লাঞ্ছিত ও হলে ভাংচুর চালায় বলে অভিযোগ।
ওই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটি রোববার থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ড. আখতার ফারুক।
এদিকে কর্মবিরতির কারণে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা অনেক কাগজপত্রে প্রাধ্যক্ষের স্বাক্ষর পাননি।
মাদার বখ্শ হলের সেকশন অফিসার অসিত কুমার বলেন, ৩৫-৪০ জন ছাত্র আজ (শনিবার) এসেছিলেন। তাদের রোববার আসতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24