রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগ কর্মীদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ লাঞ্ছিত হওয়ার ঘটনা তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হলের সিলগালা করে রাখা কক্ষ দখলকে কেন্দ্রর করে বুধবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রাধ্যক্ষ ড. মর্ত্তুজা খালেদকে লাঞ্ছিত করে। তারা হলের কয়েকটি কক্ষে ভাংচুরও করে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আকতার ফারুককে আহ্বায়ক করে শুক্রবার তিন সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ড. আব্দুস সোবহান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল লতিব ও ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ'র (আইবিএস) পরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান।
অধ্যাপক আকতার ফারুক বলেন, কমিটির ব্যাপারে তারা লিখিত নির্দেশ পাননি। নির্দেশ পেলে দ্রুত কাজ শুরু করবেন তারা।
প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার কর্মবিরতি ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদ।
ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।
শুক্রবার প্রগতিশীল শিক্ষক সমাজের ৩০১ জন শিক্ষক এক বিবৃতিতে বলেন, ছাত্রলীগের নামে কিছু দুস্কৃতিকারীর অনৈতিক কর্মকাণ্ড সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন- অধ্যাপক শাহ্ নওয়াজ আলী, মোখলেসুর রহমান, রোস্তম আলী, মিজান উদ্দিন, আনন্দ কুমার সাহা, আবুল কাশেম, জালাল উদ্দিন, চৌধুরী সরওয়ার জাহান সজল, মলয় ভৌমিক প্রমুখ।
আগেরদিন রাতে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ড. বেলায়েন হোসেন বলেন, প্রাধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার তারা কর্মবিরতি পালন করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান বলেন, কর্মবিরতির ব্যাপারে প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24