চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে একটি ভুল ধরা পড়েছে।
এতে সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বলেছেন, এ ভুলের মাশুল যেন শিক্ষার্থীদের না দিতে হয়, সেদিকে দৃষ্টি রাখবেন তারা।
বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে দেওয়া হয় - 'নাসপাতি খ সেট'।
১০০ নম্বরের প্রশ্নপত্রটির তৃতীয় পৃষ্ঠার সি পার্টে ১২ নম্বর মানের ১১ নম্বর প্রশ্নটির উত্তর দেওয়া ছিলো বাধ্যতামূলক। বাক্য মিলকরণ (সাবস্টিটিউশান টেবল) টেবিলের বি, সি ও ডি কলামের নিচের দিকের ছয়টি ঘর ছিলো খালি। এ কারণে পরীক্ষার্থীরা সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেননি।
চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, "ভুলটি পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে দেয়। আর কোনো ধরনের সংশোধনী না আসায় আমরাও কোনো সিদ্ধান্ত দিতে পারিনি।"
অনেক শিক্ষার্থী ওই প্রশ্নের উত্তর না দিয়ে হল ছাড়ে বলে তিনি জানান।
ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সোহাগ নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই প্রশ্নটির উত্তর দেওয়া বাধ্যতামূলক ছিলো। কিন্তু এ ক্ষেত্রে কেন্দ্রের পরীক্ষকরাও কোনো সহযোগিতা করতে পারেননি।"
বোর্ড চেয়ারম্যান আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে ভুল হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাধারণত প্রশ্নপত্রে ভুল থাকলে তার সংশোধনী দেওয়া হয়ে জানিয়ে তিনি বলেন, "এ ত্র"টিটি মডারেশনেও ধরা পড়েনি।"
তবে শিক্ষার্থীদের যেন সমস্যা না হয় সে জন্য উত্তরপত্র পর্যবেক্ষণের ক্ষেত্রে কী করা যায়, তা নিয়ে পরীক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে হবে জানান চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24