২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগের হাতে হল প্রাধ্যক্ষ লাঞ্ছিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষকে বুধবার রাতে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 12:28 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষকে বুধবার রাতে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। হলের কক্ষ দখলকে কেন্দ্র করে এ ঘটনার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা ভাংচুরও চালায়। তবে ভাংচুরের অভিযোগ অস্বীকার করে সংগঠনটির নেতারা বলেছেন, সাধারণ ছাত্ররা হলে ভাংচুর করেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন প্রাধ্যক্ষ ড. মর্ত্তুজা খালেদের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে সংগঠনটি। প্রাধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় শনিবার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যায় প্রাধ্যক্ষ পরিষদ। বিশ্ববিদ্যালয়ের ২১৩ জন শিক্ষক এক যুক্ত বিবৃতিতে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তারা প্রক্টরের পদত্যাগ দাবিও করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সিলগালা করে রাখা কক্ষ দখল নিয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবিরের উপস্থিতিতে মুরাদ, অরণ্য, মশিউর, রফিক, গোলাপ, মামুন, রঞ্জনসহ সংগঠনের ১৫-২০ কর্মী প্রাধ্যক্ষকে গালিগালাজ করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা প্রাধ্যক্ষকে ধাক্কা ও ঘুষি মারেন। প্রাধ্যক্ষ মর্ত্তুজা খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু ছাত্র তার সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেছে। তিনি এর বেশি আর কিছু বলেননি। প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, প্রাধ্যক্ষ ও তার সঙ্গে কিছু ছাত্রের কথাকাটাকাটি হয়েছে। পরে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে আলোচনা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান। হলের শিক্ষার্থীরা জানান, শুক্রবার হলে ছাত্রলীগ কর্মীরা সিলগালা করা কয়েকটি কক্ষের তালা ভেঙে আসন দখলের চেষ্টা করে। সে সময় প্রাধ্যক্ষ বাধা দিলে তার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। প্রক্টর পরে কক্ষগুলো আবারো সিলগালা করে দেন। এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে হলে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করে। গণস্বাক্ষর সংগ্রহের খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টা দিকে প্রক্টর ও প্রাধ্যক্ষ হলে গিয়ে এর কারণ জানতে চান। শিক্ষার্থীরা জানান, লাঞ্ছিত করার পর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। তারা হলের অতিথি কক্ষ, কার্যালয় কক্ষ ও প্রাধ্যক্ষের কার্যালয়ের আবসাব ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও শিবির প্রীতির অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় হল ছাত্রলীগ কর্মীরা সাধারণ ছাত্রের ব্যানারে সংবাদ সম্মেলন করেছে। এতে অভিযোগ করা হয়, হল উন্নয়নের কাজ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড না করে প্রাধ্যক্ষ অর্থ আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আউয়াল কবির বলেন, হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সাধারণ ছাত্ররা গণস্বাক্ষর সংগ্রহ করতে গেলে হল প্রশাসন ছাত্রদের গ্রেপ্তারের উদ্যোগ নেয়। বিষয়টি জেনে তিনিসহ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে যান এবং প্রাধ্যক্ষের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- মেহেদী ইসলাম, মোজাম্মেল হক, মাসুদ রানা, আবু আইয়ুব প্রমুখ। একই দাবিতে পরে তারা উপাচার্য ড. আব্দুস সোবহানকে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে প্রাধ্যক্ষ পরিষদের জরুরি সভায় লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের আগামী সাতদিনের মধ্যে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সভা শেষে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ ড. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, এ সময়ের মধ্যে দোষীদের বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ২১৩ শিক্ষকের বিবৃতি বিবৃতিতে বলা হয়, প্রশাসনের দায়িত্বশীল মহল থেকে আস্কারা পেয়েই ছাত্রলীগের দুর্বৃত্তরা একজন শিক্ষকের উপর হামলার সাহস পেয়েছে। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অধ্যাপক আজহার আলী, আব্দুর রহমান সিদ্দিকী, আজহারুল ইসলাম, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল আলম রুমী, সাদেকুল ইসলাম, আবুল হাশেম, শামসুল আলম সরকার, আসমা সিদ্দীকা, এনামুল হক, হাসনাত আলী প্রমুখ। কর্মবিরতি কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এখনো প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্ত শোনেননি। তবে তিনি এ ব্যাপারে প্রাধ্যক্ষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২২ ঘ.