চট্টগ্রাম, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্রলীগের অবরোধের দ্বিতীয় দিন বুধবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো খুব কম।
এর ফলে বিভিন্ন বিভাগের অধিকাংশ ক্লাস হয়নি। পরীক্ষাও স্থগিত হয়েছে অনেক বিভাগের।
সংগঠনের এক নেতার ওপর হামলার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছে। ওই হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
গত রোববার ক্যাম্পাস সংলগ্ন এলাকার কয়েকজন তরুণ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলকে মারধর করে।
এ ঘটনার বিচার দাবিতে সোমবার পর্যন্ত প্রশাসনকে সময় দেয় ছাত্রলীগ। সে সময় অতিক্রান্ত হওয়ার পর অবরোধ ডাকে তারা।
বুধবার তারা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের বিভিন্ন স্টেশন ও সড়ক পথে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে সকাল থেকে অবস্থান নিয়ে বাস ও ট্রেন আটকে দেয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ায় অনেক বিভাগে ক্লাস নেওয়া যাচ্ছে না। পরীক্ষাগুলোর ক্ষেত্রেও একই অবস্থা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুয়েলের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ছাত্র হারুনুর রশিদ কায়সার হত্যার বিচারসহ চারদফা দাবিতে বুধবার উপাচার্য আবু ইউসুফকে স্মারকলিপি দিয়েছে বিভাগটির শিক্ষার্থী ও তার সহপাঠীরা।
স্মারকলিপিতে কায়সার হত্যাকারীদের চিহ্নিত করে বিচার, তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয়ে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
কায়সার হত্যার বিচার দাবিতে এদিন মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীতে মিছিল এবং মানববন্ধন কর্মসূচিও পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এজে/২১২২ ঘ.
bdnews24