২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়কে 'শহীদ মিনার তহবিল' দিতে চায় ইউজিসি

কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তহবিল দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তহবিল দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জনবল চাহিদা চেয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছে ইউজিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে বলা প্রসঙ্গে বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম স্মৃতি কমপ্লেক্স, ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তাই তারা এ শহীদ মিনারের দায়িত্বও নিতে পারে।" ইউজিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শহীদ মিনারে অনুষ্ঠান আয়োজনের অনুমতি এবং এর নিরাপত্তার বিষয়টি দেখভালের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার টেলিফোনে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আমজাদ আলী। তিনি বলেন, "রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) আংশিক দায়িত্ব রয়েছে।" সংবাদ সম্মেলনে অধ্যাপক নজরুল বলেন, "কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে থাকলেও দেখা যায় শুধু একটি দিনকে কেন্দ্র করে তারা এর রক্ষণাবেক্ষণ করে।" ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেছেন, "শহীদ মিনারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব ডিসিসির।" অধ্যাপক নজরুল বলেন, "সংস্কৃতি মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবারই শহীদ মিনারের দায়িত্ব থাকলেও কেউ তা পালন করছে না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় এ দায়িত্ব নিয়ে মঞ্জুরি কমিশনের কাছে জনবল কাঠামোর প্রস্তাব দিলে কমিশন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল হাকিম এবং সচিব মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১৩৫ ঘ.