রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিভিন্ন কোটা এবং শূন্য আসনে ভর্তির সময় আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগের সময় ছিল ১১ ফেব্র"য়ারি পর্যন্ত।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী ও উপজাতি কোটাসহ বিভিন্ন বিভাগে শূন্য আসনে ৫০ টাকা জরিমানা দিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে ভর্তি হওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। তবে কতটি আসন শূন্য রয়েছে তা জানানো হয়নি।
রোববার উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ছাত্রউপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা সন্তান কৌটায় ভর্তির জন্য মুক্তিযোদ্ধা বাবা-মা অথবা বৈধ অভিভাবকসহ মুক্তিযোদ্ধার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
আদিবাসী-উপজাতি কোটার প্রার্থীদের ক্ষেত্রে আদিবাসী-উপজাতি হিসেবে সনাক্তকরণের প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
কোটা ছাড়াও অন্যান্য বিভাগের শূন্য আসনে ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24