ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নির্বাচন। একই দিনে ফাইন্যান্স কমিটির প্রতিনিধি ও একাডেমিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
সর্বশেষ এ সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর।
সিন্ডিকেট সদস্য, ফাইন্যান্স কমিটি ও একাডেমিক পরিষদের ১৩টি ক্যাটাগরিতে এ নির্বাচান হবে। নির্বাচনে আওয়ামীপন্থী নীলদল ও বামপন্থী গোলাপী দল একত্রে প্যানেল ঘোষণা করেছে। নির্বাচনে তাদের প্রতিপক্ষ বিএনপি-জামায়াতপন্থী সাদা দল। উভয় দলই শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী সিন্ডিকেটে নির্বাচিত প্রতিনিধি থাকেন ৬ জন। ছয়টি ক্যাটাগরিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো হলো ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও প্রভাষক।
নীল দল থেকে ডিন ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ পদে সাদা দলের প্রার্থী কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন। প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে নীল দলের প্রার্থী কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান এবং সাদা দলের প্রার্থী রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম।
অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের (ইংরেজি বিভাগ) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদা দলের অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম (রসায়ন বিভাগ)। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের প্রার্থী রসায়ন বিভাগের ড. আফতাব আলী শেখ। সাদা দলের প্রার্থী পরিসংখ্যান বিভাগের লুৎফর রহমান।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে নীল দলের প্রার্থী একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ড. মিজানুর রহমান এবং সাদা দলের প্রার্থী পপুলেশন সায়েন্স বিভাগের ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। প্রভাষক ক্যাটাগরিতে নীল দল থেকে প্রাণিবিদ্যা বিভাগের জান্নাতুল ফেরদৌস এবং সাদা দল থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাহফুজ আশরাফ লড়বেন।
ফাইন্যান্স কমিটির নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে নীল দল থেকে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সাদা দল থেকে ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ^বিদ্যালয়ে কর্তব্যরত সব অধ্যাপক একাডেমিক পরিষদের সদস্য। সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে তিন জন এবং সহকারী ও প্রভাষকদের মধ্য থেকে তিন জন শিক্ষকের ভোটে নির্বাচিত হয়ে একাডেমিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
নীল দল থেকে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে প্রার্থীরা হলেন- ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ড. মোঃ কামাল উদ্দীন, ইতিহাস বিভাগের ড. আশফাক হোসেন ও পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ড. বিমান চন্দ্র বড়ূয়া। সাদা দলের প্রার্থীরা হলেন, ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বিভাগের ড. এ টি এম জাফরুল আযম, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের গোলাম রাব্বানী ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। নীল দল থেকে সহকারি অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে মনোনীত প্রার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুরাইয়া আক্তার, পদার্থ বিজ্ঞান বিভাগের ড. ইসতিয়াক মইন সৈয়দ এবং শান্তি ও সংঘর্ষ বিভাগের রফিকুল ইসলাম। একই ক্যাটাগরিতে সাদা দলের প্রার্থীরা হলেন- শিল্পকলা ইতিহাস বিভাগের ড. শেখ মনির উদ্দীন, শান্তি ও সংঘর্ষ বিভাগের সাইফুদ্দীন আহমেদ এবং একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাজহারুল আনোয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডককমকে বলেন, নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি জানান, প্রথমবারের মত এ নির্বাচন ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এর আগে টিএসসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হতো। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট নেওয়া হবে। এক ঘন্টার বিরতি দিয়ে দুপুর ২টা থেকে ভোট গণনা শুরু হবে। একই দিন ফল প্রকাশ করা হবে। এ নির্বাচনে ১ হাজার ২৪১ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24