চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় সাতদিন স্থগিত থাকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে আগামী কাল শনিবার।
আতঙ্কিত শিক্ষার্থীরা এখনও আবাসিক হলগুলোতে ফেরেননি। শুধু ক্যাম্পাস সংলগ্ন ব্যাক্তিমালিকানাধীন মেসে কিছু শিক্ষার্থী ফিরেছেন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন শান্ত। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করলে শিগগিরই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে তাদের জন্য বরাদ্দ কক্ষ খুলে দেওয়া হবে।"
রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন হত্যাকাণ্ডের পর ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির আশংকায় ১২ ফেরুয়ারি থেকে সাতদিনের জন্য সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একইসঙ্গে আবাসিক হল ছেড়ে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের সাতশ কক্ষও সিলগালা করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/২০০৪ ঘ.
bdnews24