রাজশাহী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিমের সভাপতিত্বে তার দপ্তরে একাডেমিক রিভিউ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ফেব্র"য়ারি থেকে বিভিন্ন বিভাগ ও বর্ষের স্থগিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ বিভাগ থেকে বিস্তারিত সময়সূচি জেনে নিতে বলা হয়েছে।
সভায় রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মর্ত্তুজা আলী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশরাফুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াজিহার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
গত ১১ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
কিন্তু ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংসতার জের ধরে ওইদিনই রুয়েট কর্তৃপক্ষ সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24