২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র ছয় হলের ৭শ' কক্ষ সিলগালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৬টি আবাসিক হলের প্রায় ৭ শত কক্ষ তালাবন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 06:32 PM

Updated : 24 Aug 2022, 06:46 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ৬টি আবাসিক হলের প্রায় ৭ শত কক্ষ তালাবন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে যাওয়া এসব কক্ষ যাতে অন্য কেউ দখলে নিতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের স্বার্থেই তাদের ছেড়ে যাওয়া কক্ষগুলো সিলগালা করে দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে এই আবাসিক হলগুলোর খালি কক্ষগুলো সিলগালা করা শুরু হয়। এদিন মোট ৬৯৮ টি কক্ষ সিলগালা করা হয়েছে। এ সর্ম্পকে সোহরাওয়ার্দী হলের প্রভোষ্ট ড. আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮ তারিখ পর্যন্ত ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থী হলের বাইরে রয়েছে। ক্যাম্পাসের পরিবর্তনশীল পরিস্থিতির কারণে হলের নিরাপত্তা ও শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তার প্রয়োজনে এসব কক্ষ সিলগালা করা হয়েছে। তিনি আরো বলেন, পরে শিক্ষার্থীরা হলে ফিরলে তাদের পরিচয়পত্র দেখে কক্ষ বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এএএম মহিউদ্দিন হত্যার ঘটনায় ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপাচার্যের নির্বাহী ক্ষমতায় ওই রাতেই ৭ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে মহিউদ্দিন হত্যার বিচার ও ক্যাম্পাস পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার দাবিতে শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। তারা কালো ব্যাজ ধারণ কর্মসূচিও পালন করে। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপাচার্য অধ্যাপক ড.আবু ইউসুফের কাছে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/০০২৭ ঘ.