চট্টগ্রাম, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ছাত্রীদের চেয়ে ছাত্রদের পাসের হার বেশি।
বোর্ডে পাস করেছে ৭০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী; জিপিএ-৫ পেয়েছে ৫১৮ জন।
মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাসের হার সর্বোচ্চ ৮১ দশমিক ৫৬ শতাংশ। কম পাস করেছে পার্বত্য জেলা বান্দরবানে ৫৬ দশমিক ৮৪ শতাংশ।
পয়েন্টের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডে ৬৭ দশমিক ৮৭ পয়েন্ট নিয়ে সামগ্রিক ফলাফলে সেরা স্থান দখল করেছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা হয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ৩৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১ লাখ ৪ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৪ জন পাস করেছে।
বোর্ডের অধীনে এবার ১ হাজার ৬২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষর্থী পাস করেছে। চারটি থেকে কেউ পাস করেনি।
তবে জেলাভিত্তিক ফলাফলে পাবর্ত্যজেলা রাঙামাটির ফলাফল ভালো হয়েছে। এখানে পাসের হার ৭৫ দশমকি ১৪ শতাংশ।
এছাড়া মহানগরীসহ চট্টগ্রাম জেলায় পাস করেছে ৬৭ দশমিক ০১ শতাংশ, পার্বত্য জেলা খাগড়াছড়িতে ৬০ দশমিক ০৯ শতাংশ, কক্সবাজারে ৬৩ দশমিক ০৯ শতাংশ।
অধ্যাপক ড. পীযুষ দত্ত জানান, মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা, উর্ত্তীণ পরীক্ষার্থীর সংখ্যা ও জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা এ তিনটি বিষয়ের উপর নির্ভর করে পয়েন্ট নির্ধারণ করা হয়।
পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দশের বাকী নয় স্কুলগুলো হলো- ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৬২.৬০), কলেজিয়েট স্কুল (৬২.৪৬), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (৬১.৪৬), নৌবাহিনী স্কুল ও কলেজ (৬০.৩১), সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয় (৫৮.৭৬), চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ (৫৭.৯০), চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (৫৭.৬৪), সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় (৫৭.৬৩) নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় (৫৬.৫৭)।
জিপিএ-৫ প্রাপ্তির দিকে শীর্ষদশের অপর নয় স্কুলগুলো হলো- কলেজিয়েট স্কুল (৭১ জন), বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (৪৯), ফৌজদারহাট ক্যাডেট কলেজ (২৮), নৌবাহিনী স্কুল ও কলেজ (২৭), চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (২৫), সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (২২), ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৮) এবং ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল (১৮ জন)।
এর মধ্যে নৌবাহিনী স্কুল এবং চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়া বাকি সব প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
শূন্য পাস চার শিক্ষা প্রতিষ্ঠানে:
চারটি বিদ্যালয়ের মধ্যে তিনটিই তিন পাবর্ত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির।
বান্দরবানের লামায় অবস্থিত রুপসিপাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়। এখান থেকে পরীক্ষায় অংশ নেয় ছয়জন।
আট জন পরীক্ষার্থী অংশ নেয় খাগড়াছড়ি সদরের নানছড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে।
রাঙ্গামাটি সদরের বাদলছড়ি জুনিয়র বিদ্যালয় থেকে অংশ নেয় চার পরীক্ষার্থী এবং নগরীর পাঁচলাইশ এলাকার চাইল্ড হেভেন স্কুল থেকে পরীক্ষা দেয় দুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/আরএ/১৭৩৬ ঘ.
bdnews24