২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতিতে সরকার সমর্থকদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত শিক্ষকদের 'নীল' প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সমিতির ১৫টি পদের ১১টিতেই জয়ী হয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 11:12 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত শিক্ষকদের 'নীল' প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সমিতির ১৫টি পদের ১১টিতেই জয়ী হয়েছে তারা। বুধবার বিকালে ঢাবি ক্লাব ভবনে এ নির্বাচনের কমিশনার অধ্যাপক মকবুলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন নীল দলের আহ্বায়ক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হোসাইন। নীল প্যানেলের বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে অধ্যাপক মো. আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস), কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ফরিদ উদ্দিন (অর্থনীতি), যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক একেএম গোলাম রব্বানী (ইসলামের ইতিহাস) এবং সদস্য পদে অধ্যাপক আবুল বারাকাত (অর্থনীতি), অধ্যাপক নাজমা শাহীন (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট), অধ্যাপক নাসরীন আহমাদ (ভূগোল ও পরিবেশ), অধ্যাপক আবম ফারুক (ঔষধ প্রযুক্তি), অধ্যাপক ফকরুল আলম (ইংরেজি) ও অধ্যাপক মো. অহিদুজ্জামান (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)। বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত সাদা দল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে। তারা হলেন- অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম (পদার্থ বিজ্ঞান), অধ্যাপক আবু আহমেদ (অর্থনীতি বিভাগ), অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম (রসায়ন বিজ্ঞান) ও অধ্যাপক লায়লা নূর ইসলাম (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)। নির্বাচনের বিপুল জয়ের প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় হয়েছে। আমরা এ ফলাফলে আনন্দিত।" "যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সারাদেশের মানুষের যে অবস্থান, এর পক্ষে ঢাবি শিক্ষকরা রায় দিয়েছেন", বলেন তিনি। সাদা দলের ভরাডুবির বিষয়ে এর আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয়করণের মাধ্যমে অনেক শিক্ষক নিয়োগ দেওয়ার পরও আমরা বিজয়ী হবো ভেবেছিলাম। কিন্তু এরকম হলো কেন, ফলাফল যাচাই বাছাই করে পরে জানানো হবে।" সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে ১৭০০ জন ভোটারের মধ্যে ১২৫৫ জন ভোট দেন বলে নির্বাচন কমিশনার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৩ ঘ.