২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির 'খ' ও 'ঘ' ইউনিটে ভর্তির বাধা কাটলো

সর্বোচ্চ আদালতের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ও 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার এবং ভর্তির ক্ষেত্রে আইনি বাধা কেটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ আদালতের আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ও 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার এবং ভর্তির ক্ষেত্রে আইনি বাধা কেটেছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতির সোমবারের আদেশে 'খ' ও 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার নিতে এবং ভর্তিতে আর কোনো বাধা থাকলো না বলে আইনজীবীরা জানিয়েছেন। এ দুটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শর্ত আরোপের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয়। বিশ্ববিদ্যালয়ের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহা সোমবার হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। চেম্বার বিচারপতির আদেশের পর বিশ্ববিদ্যালয়ের আইনজীবী এএফএম মেসবাহউদ্দিন সাংবাদিকদের বলেন, "এর ফলে 'খ' ও 'ঘ' ইউনিটে উত্তীর্ণদের সাক্ষাৎকার এবং ভর্তির ক্ষেত্রে আর কোনো বাধা নেই।" হাইকোর্টের ওই রায়ের পর 'খ' ও 'ঘ' ইউনিটে ভর্তির সাক্ষাৎকার স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৮ ডিসেম্বর তা হওয়ার কথা ছিলো। গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাবির সিন্ডিকেট এক সভায় 'খ' ও 'ঘ' ইউনিটের ১১টি বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য উচ্চ মাধ্যমিকে বাংলায় ২০০ এবং ইংরেজিতে ২০০ নম্বরের পরীক্ষা দিয়ে আসা বাধ্যতামূলক করে। বিভাগগুলো হলো বাংলা, ইংরেজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, উন্নয়ন অধ্যয়ন, লোকপ্রশাসন, ভাষাতত্ত্ব, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বর থাকার শর্তারোপ করে। মাদ্রাসায় উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজি ১০০ নম্বরের পরীক্ষা হয়। ফলে এ সব বিভাগে ভর্তি হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তিন মাদ্রাসা শিক্ষার্থী একটি রিট আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৪ ঘ.