জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী হলের প্রায় অর্ধশত শিক্ষার্থী জন্ডিস, ডায়রিয়া ও পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন।
হলের শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ দিন ধরে তারা এসব রোগে ভুগছেন।
তারা অভিযোগ করেন, হলে দূষিত পানি পান করে শিক্ষার্থীরা বিভিন্ন পানিবাহিত রোগে একের পর এক আক্রান্ত হচ্ছেন। এ বিষয়ে হল প্রশাসনকে বারবার জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এরই মধ্যে প্রায় ১৫ জন শিক্ষার্থী হল ছাড়তে বাধ্য হন।
চারতলা এ হলের দু'টি ভবনে প্রায় ৮শ' শিক্ষার্থী থাকে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহে পানিবাহিত রোগে আক্রান্তদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের।
এই হলের শিক্ষার্থীরা জানান, প্রতি মাসে একবার পানির চৌবাচ্চা পরিস্কারের নিয়ম থাকলেও হলের পাঁচটি চৌবাচ্চার কোনোটিই গত তিন মাসে পরিস্কার করা হয়নি।
এছাড়া হলের পানি সরবরাহের পাইপ পুরনো হয়ে পড়ায় এতে ছিদ্র হয়ে দূষিত পানি প্রবেশ করার কারণেও এমনটি হতে পারে বলে তাদেও ধারণা।
দূষিত পানি পানে শির্ক্ষাথী অসুস্থ হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক খবির উদ্দিন বলেন, পানির লাইন মেরামতের কাজ শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24