২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় পরিচালনা কমিটির ৪ সদস্য অবরুদ্ধ

শিক্ষককে মারধর করায় গাইবান্ধার নাজিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা কমিটির চার সদস্যকে একটি কক্ষে আটক করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

গাইবান্ধা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে মারধর করায় গাইবান্ধার নাজিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিচালনা কমিটির চার সদস্যকে একটি কক্ষে আটক করে রেখেছে। এ ঘটনায় সোমবার থেকে সুন্দরগঞ্জ উপজেলার এই বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগ উঠেছে, সোমবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুনছুর আলী খন্দকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর আলীকে চড়-থাপ্পর মারেন। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমিটির সভাপতি আকিল হোসেন, সদস্য মনছুর আলী খন্দকার, কামরুজ্জামান ও মতিয়ারকে বিদ্যালয়ের একটি কক্ষে ঢুকিয়ে তালা মেরে দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ২০০৯ সালে বিদ্যালয় পরিচালনা কমিটি সহকারী শিক্ষক মো. বাহাদুর আলীকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। ২০১০ সালে একই কমিটি বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক নজরুল ইসলামকেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দেয়। এ নিয়ে দ্বন্দ্বের জেরে একে অপরের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে বার্ষিক পরীক্ষা চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে অফিস কক্ষের বাইরে পরিচালনা কমিটির সদস্য মুনছুর আলী খন্দকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর আলীকে থাপ্পড় মেরে গলা ধাক্কা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীরা এ দৃশ্য দেখে পরীক্ষার হল থেকে বের হয়ে চারজনকে একটি অফিস কক্ষে ঢুকিয়ে তালা মেরে দেয়। সংঘর্ষ এড়াতে সোমবার থেকে বিদ্যালয়ে একজন উপ-পরিদর্শকসহ পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুল আজম বলেন, ঘটনাটি নিষ্পত্তির জন্য ছাত্র, অভিভাবক, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৩ ঘ.