ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১০-১১ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ১৮ ডিসেম্বর শুরু হবে।
মঙ্গলবার ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ১৮ ডিসেম্বর বিজ্ঞান শাখা থেকে মেধাক্রমে ১ থেকে ৪০০, ১৯ ডিসেম্বর ৪০১ থেকে ৮০০ এবং ২০ ডিসেম্বর ৮০১ থেকে ১,০০০ এ অবস্থানকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
২০ ডিসেম্বর বিকালে মানবিক শাখা থেকে মেধাক্রম ১ থেকে ১০০ এবং ২১ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ থেকে ৪০০ এ অবস্থানকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে নির্ধারিত আসন পূর্ণ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকারে ডাকা হবে। আসন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ বন্ধ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সাক্ষাতকারের দিন ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং দুইকপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি আনতে বলা হয়েছে।
তবে এগুলো আনতে ব্যর্থ হলে জরিমানা সাপেক্ষে সাক্ষাতকারে অংশ নেওয়া যাবে বলেও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/১৯০৮ ঘ.
bdnews24