ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে।
প্রাথমিক পর্যায়ে মেধাতালিকায় থাকা প্রথম ২ হাজার ৪০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৪০০ মেধাক্রমের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ৪০১ থেকে ৮০০ পর্যন্ত হবে ১৯ ডিসেম্বর। ২০ ডিসেম্বর হবে ৮০১ থেকে ১২০০ পর্যন্ত । ১২০১ থেকে ১৬০০ পর্যন্ত ২১ ডিসেম্বর। ১৬০১ থেকে ২০০০ পর্যন্ত ২২ ডিসেম্বর এবং ২০০১ থেকে ২৪০০ পর্যন্ত মেধাক্রমের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
এই দুই হাজার ৪০০ প্রার্থীর বিষয় নির্বাচনের পর আসন খালি থাকলে ২৪০১ থেকে মেধাক্রম অনুযায়ী নতুন সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলে জানান সদরুল আমিন।
গত ২৭ নভেম্বর 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে হাইকোর্টের এক আদেশে 'খ' ইউনিটে ভর্তির সাক্ষাৎকার স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর তাদের এক আবেদনে গত ১ ডিসেম্বর এই ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়ার আদেশ দেয় আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৮ ঘ.
bdnews24