২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আসেনি অতিথি পাখি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ঐতিহ্য হিসেবে খ্যাত অতিথি পাখি এবার এখনো আসেনি। অভিযোগ উঠেছে, ক্যাম্পাসের প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিকীকরণের ফলে পাখির আবাসস্থল নষ্ট হওয়ায় এমনটা হয়েছে। জানাচ্ছেন আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 04:57 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

আশিক হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ঐতিহ্য হিসেবে খ্যাত অতিথি পাখি এবার এখনো আসেনি। অভিযোগ উঠেছে, ক্যাম্পাসের প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিকীকরণের ফলে পাখির আবাসস্থল নষ্ট হওয়ায় এমনটা হয়েছে। ওদিকে, বিশ্ববিদ্যালয়ের র্পার্শ্ববর্তী বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (বিএলআরআই) এর জলাধারে সকাল-সন্ধ্যা হাজার হাজার পাখি এসে ভিড় করছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিবছর নভেম্বর মাসের শুরুর দিকে বিশ্বের শীতপ্রধান অঞ্চল থেকে হাজার হাজার অতিথি পাখির আগমন ঘটে বাংলাদেশে। এর মধ্যে দেশের একমাত্র আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে আসতো ছোট সরালী, বড় সরালী, গাড়গীনি, গার্ডওন, জল মুরগী ও বালি হাঁস প্রায় ৭৫ প্রজাতির পাখি। গাড়গীনি এবং গার্ডওন আসতো সাইবেরিয়া অঞ্চল থেকে। কিন্তু শুক্রবার সকালেও ক্যাম্পাসের ছোট-বড় আটটি জলাধারের কোনোটিতে দেখা মেলেনি ওইসব অতিথি পাখির কোনোটির। অতিথি পাখির নিরাপত্তার জন্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনের এবং পাশের দুটি বড় জলাধারকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিলো। পাশাপাশি স্থানীয় ও অতিথি পাখির পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য শুধু অক্টোবর মাসে মাছ ধরার নিয়ম ছিলো। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ক্যাম্পাসের কোনো জলাধারে এবার এখনো কোনো অতিথি পাখি নামেনি। মাঝে মধ্যে ক্যাম্পাসের আকাশে সেগুলো দেখা গেছে মাত্র। তারা জানান, পার্শ্ববর্তী বিএলআরআইয়ের জলাধারে হাজার হাজার অতিথি পাখি এসেছে। পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে অতিথি পাখি আসা শুরু করে নভেম্বর মাসের শুরুতে এবং মার্চ মাস পর্যন্ত তারা এখানেই অবস্থান করে। তাই অক্টোবর ছাড়া অন্য কোনো মাসে পুকুরে নামলে পাখির স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তিনি বলেন, "কিন্তু এ বছর প্রথমে একবার জুন মাসে ও পরে নভেম্বর মাসে এসব জলাধারে মাছ ধরা হয়েছে। তারপর মাছ চাষের জন্য চুন দেওয়া হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে জলাধারের তীরবর্তী জঙ্গলও। এতে করে পাখির বাসস্থান ও খাবার নষ্ট হয়েছে। এ কারণে এবার এখনো ক্যাম্পাসের জলাধারে অতিথি পাখির দেখা মেলেনি।" এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে অপরিকল্পিতভাবে গাছ কাটা এবং গাছের ডাল ছাঁটাও পাখি না আসার পেছনে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন অধ্যাপক মোস্তাফা ফিরোজ। তিনি আরো জানান, একটা সময় ছিলো যখন প্রায় সারা বছরই প্রশাসনিক ভবনের সামনের বড় জলাধারটিতে ডাহুক এবং জলপীঁপীঁ পাখি দেখা যেতো। কিন্তু নভেম্বরে জলাধারটি পরিষ্কার করার পর সেখানে আর এ বিলুপ্তপ্রায় ওই পাখির দেখা মিলছে না। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সম্পদ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার কাজে ব্যবহার করা উচিত। কোনো বাণিজ্যিক স্বার্থ হাসিলের জন্য নয়।" এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, অভিযোগগুলো সত্য নয়। সাধারণত জানুয়ারি মাসে ক্যাম্পাসে অতিথি পাখির আগমন ঘটে দাবি করে তিনি বলেন, "অপেক্ষা করুন, পাখি আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৭ ঘ.