ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্রীদের বিক্ষোভের পর গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রাকৃতিক গ্যাস সরবরাহে সরকারের নিষেধ থাকায় বিকল্প ব্যবস্থায় গ্যাস দেওয়া হবে।
হলে গ্যাস সরবরাহের দাবিতে ছাত্রীরা রোববার রাত সাড়ে ১০টার দিকে হলের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সে হলে বিকল্প ব্যবস্থায় গ্যাস সরবরাহ করার আশ্বাস দিলে তারা শান্ত হয়।
ছাত্রীরা জানায়, তিনদিন আগে হলের তৃতীয় তলার একটি কক্ষে হিটার চালানোর ফলে সেখানকার ট্রান্সফর্মার বিস্ফোরিত হওয়ায় কর্তৃপক্ষ হলে হিটার ব্যবহার নিষিদ্ধ করে। এ কারণে অন্যান্য আবাসিক হলের মতো এখানেও তারা গ্যাস সরবরাহের দাবি জানায়।
এক সপ্তাহের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ছাত্রীরা হুশিয়ার করে দেয় ।
বিক্ষোভ চলাকালে উপাচার্য আরেফিন সিদ্দিক হলের অভ্যন্তরে যান এবং ছাত্রীদের সাথে কথা বলেন।
সেখান থেকে ফিরে উপাচার্য তাঁর বাসভবনে সাংবাদিকদের বলেন, "আমরা এই আবাসিক হলে বিকল্প ব্যবস্থায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরো বলেন, "ছাত্রীরা তাদের কক্ষে হিটার ব্যবহার করতো। কিন্তু হলের যে বৈদ্যুতিক সংযোগ তা হিটার ব্যবহারের উপযোগী নয়। আর লাইনের গ্যাস সরবরাহের বিষয়ে সরকারের পক্ষ থেকে নিষেধ আছে। ফলে বিকল্প ব্যবস্থায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিপফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৪৫ ঘ.
bdnews24