২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র শিবির নিয়ন্ত্রিত হল থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নিয়ন্ত্রিত একটি হল থেকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নিয়ন্ত্রিত একটি হল থেকে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বন্দুক, একটি পাইপগান, একটি এলজি, একটি দেশি রিভলবার, ৩৮ রাউন্ড কার্তুজ, ৭৬ রাউন্ড রাইফেলের গুলি, ৯ এমএম পিস্তলের ২৩ রাউন্ড বুলেট। বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ৪৩৭ নম্বর কক্ষ থেকে এগুলি উদ্ধার করা হয়। পুলিশের হাটহাজারী সার্কেল এএসপি বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। রাজনীতি বিজ্ঞান বিভাগের এম ফিল পর্যায়ের শিক্ষার্থী মতিনুর রহমানের নামে কক্ষটি বরাদ্দ ছিলো বলে জানান হলের প্রভোস্ট ড. জহুরুল হক। গত অগাস্ট মাসে বিশ্ববিদ্যালয়ে বেতন-ফি বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় কক্ষটি সিলগালা করে দেওয়া হয়। হলটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে ছাত্রশিবির নিয়ন্ত্রিত হিসেবে পরিচিত। চবি'র ভারপ্রাপ্ত প্রক্টর আখতার হোসেন পিয়ারু জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ওই কক্ষে অভিযান চালায় পুলিশ। গত কয়েকবছরে এটিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২১৮ ঘ.