২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় ছাত্র নিহত, সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর পর ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ছাত্র-জনতা বাসটিও পুড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 10:13 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গাজীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর পর ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ছাত্র-জনতা বাসটিও পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার রাজাবাড়ি এলাকায় এসিআই কারখানার সামনে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাস মটর সাইকেল আরোহী আমিনুল ইসলাম (২৬) ও খোকন খানকে (২৪) চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। এ ঘটনায় এলাকাবাসী ও বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা ওই বাসটিতে আগুন ধরিয়ে রাজাবাড়ি এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু বিক্ষুব্ধ জনতা আবারো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা সাড়ে ৩টার দিকে দমকল বাহিনী বাসের আগুন নেভাতে সক্ষম হয়। তবে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ চলছিলো। শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনুল ও খোকন মটর সাইকেলে করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল।" আমিনুল রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আকবর আলী ফকিরের ছেলে। তিনি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। খোকন একই গ্রামের আসলাম আলী খানের ছেলে। তিনি শ্রীপুরের ধলাদিয়া কলেজের ছাত্র। অপরদিকে সকালে সদর উপজেলার সালনা রেল ওভার-ব্রীজের দক্ষিণ পাশে বাস চাপায় অজ্ঞাত এক কিশোর (১৩) নিহত হয়েছে। স্থানীয়রা জানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬১৪ ঘ.