২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবারো স্কুলছাত্র অপহরণ

ঢাকার সাভারে আবারো এক স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সাভার, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারে আবারো এক স্কুলছাত্র অপহরণের শিকার হয়েছে। সোমবার সকালে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ইব্রাহিম খলিল (৭) আশুলিয়ার বগাবাড়ী এলাকার আব্দুল লতিফ সরকারের ছেলে। সে 'মর্নিং গ্লোরী স্কুল'র স্ট্যান্ডার্ড ওয়ানের ছাত্র। ইব্রাহিমের মা শিরিন আক্তার বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে। গত ৩ নভেম্বর একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ ফয়সলকে (১০) স্কুলে আসার পথে ডেন্ডাবর এলাকায় থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দুদিন পর র‌্যাব রাজধানীর বংশাল এলাকার একটি বাড়ি থেকে ফয়সলকে উদ্ধার করে। আটক করে দুজনকে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে বাবার হাত থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নেয় অপহরণকারীরা। পরে তার পরিবারের কাছে ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বগাবাড়ী বাজারের বাসা থেকে আব্দুল লতিফ ইব্রাহিমকে নিয়ে বাড়ির পাশেই আমেরিকান প্লাজার সামনে স্কুলের গাড়ির জন্যে অপেক্ষা করছিলেন। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকারে করে আসা কয়েক ব্যক্তি লতিফের কাছ থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নিয়ে ঢাকার দিকে চলে যায়। র‌্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার মেজর শেখ তারেক আজিজ আহমেদ জানান, অপহরণকারীরা শিশুটির বাবা ও মায়ের মোবাইল ফোনে দুপুরে পরপর দু'বার ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। মঙ্গলবার টাকা কোথায় নিয়ে যেতে হবে তা পরে জানিয়ে দেবে বলে অপহরণকারীরা তাদের জানিয়েছে। র‌্যাব কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর ইব্রাহিমকে উদ্ধারে র‌্যাব ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮১৩ ঘ.