ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে চার ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনায় জড়িতদের নিজেদের কর্মী নয় বলে প্রথমে দাবি করলেও পরে ওই চার জনের তিন জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করেছে। কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শাতেও নোটিশ দেওয়া হয়েছে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগ দ্বিতীয় বর্ষের মো. মহিদুল ইসলাম মাহি, দর্শন দ্বিতীয় বর্ষের মো. রুবাইয়াত শাহনেওয়াজ, অর্থনীতি প্রথম বর্ষের নাজমুল হাসান রুমি এবং শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের সোহেল রানা ।
এদেও প্রথম তিনজনকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলা দ্বিতীয় বর্ষের রিয়াদ মাহমুদকেও বহিষ্কার করেছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।
বহিষ্কৃতরা সবাই কবি জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের কর্মী। ওই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী এনায়েত বহিষ্কারের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
অপর একটি সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মাহিকে আরেকবার সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছিলো ছাত্রলীগ।
এ বিষয়ে এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে তাকে মৌখিক বহিষ্কার করা হয়েছিলো, এবার লিখিতভাবে করা হলো।"
ছাত্রলীগকর্মীদের সঙ্গী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সোহেল ছাত্রদলকর্মী বলে দাবি করেন এনায়েত।
রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ছয় সাংবাদিক হামলার শিকার হন। হামলাকারীরা ছাত্রলীগকর্মী বলে সাংবাদিকরা অভিযোগ করলেও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।
ওই ঘটনায় শাহবাগ থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৭ ঘ.
bdnews24