২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 04:32 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বরিশাল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে না এসে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডা. আবরার আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শনিবার বিকালে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এর আগে তাদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিলো বলে তিনি জানান। তবে অভিযুক্ত একজন চিকিৎসক অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা এ ধরনের কোনো নোটিশ পাননি। একই অভিযোগে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ডরিলিজ) এবং দশজনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অভিযুক্ত পাঁচ শিক্ষক হলেন- নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম এম এহসানুল হক, হেপাটোলজী বিভাগের সহকারী অধ্যপক ডা. জমসেদ আলম, চক্ষু বিভাগের সহকারী অধ্যপক ডা. কামরুল ইসলাম খান, ডা. মাহবুব জাহান আহম্মেদ এবং চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুচ আলী মোল্লা। তাৎক্ষণিক বদলি করা শিক্ষকরা হলেন- সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শফিউল হাসান ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। কালো তালিকাভুক্তরা হলেন - ফার্মাকোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিন, সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে এম আশ্রাব আলী, বায়োকেমিষ্ট্রির সহকারী অধ্যাপক সফিকুল হাসান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. এ কে এম মাজাহারুল ইসলাম ও ডা. শাহাদাৎ হোসেন, শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যপক ডা. এ কে শামসুদ্দিন, হেপাটলজী বিভাগের সহকারী অধ্যপক ডা. গোলাম মাসুদ, রেসপিরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাছুম আহম্মেদ ও ফিজিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান খান। অধ্যক্ষ ডা. মো. আবরার আহমেদ জানান, কর্মস্থলে থেকে দায়িত্ব পালন না করার বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত শিক্ষকদের দুই বার নোটিশ দেওয়া হলেও তার কোনো উত্তর মেলেনি। এমনকি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা কোনো ধরনের যোগাযোগও করেননি বলে তিি দাবি করেন। নিউরো সার্জারী বিভাগের শিক্ষক ডা. এম এম এহসানুল হক দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। এমনকি অধ্যক্ষর দেওয়া কোনো নোটিশ তারা পাননি বলেও দাবি করেন তিনি। এই বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩১ ঘ.