গাইবান্ধা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে শনিবার গাইবান্ধায় আবারো তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।
বিদ্যালয়গুলো হল- সাঘাটা উপজেলার বারকোনা, সাহাবাজ পাড়া ও সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই তিন বিদ্যালয়ের ১৮ জনসহ অসুস্থ ১৯ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হল- বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর রব্বানী, প্রীতি, মোসলেমা আকতার, জেরিন, সজিব, ৩য় শ্রেণীর স্বপ্না, আরিফা, মুন্নি, সুমি আকতার, সাদিয়া, চুমকি, ২য় শ্রেণীর জাকিয়া, লাবনী, সাথী, সাহবাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর নুরুন্নবী, সৈকত জামান বাঁধন, ৪র্থ শ্রেণীর জ্যোতি এবং সুজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আঁখি।
বাকি শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া তাপসী (৫) নামের আরেক শিশু স্কুলছাত্রী বড়বোনের দেওয়া বিস্কুট খেয়ে অসুস্থ হয়েছে। তাকেও সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) গোবিন্দগঞ্জ উপজেলায় এই বিস্কুট খেয়ে অসুস্থধ হয় ৩৮ জন এবং বৃহস্পতিবার অসুস্থ হয় ৩১ জন শিশু।
সাঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা জগদিশ চন্দ্র রায় বলেন, বেলা ১টায় দিকে স্কুল থেকে দেওয়া বিস্কুট খেয়ে শিক্ষার্থীদের মাথা ঘোড়া, পেট ব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়।
সঙ্গে সঙ্গে তাদের সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিশ্ব খাদ্য কর্মসূচির রংপুর কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার আনোয়ারুল কবির বলেন, গোবিন্দগঞ্জের পর এবার সাঘাটায় ১৯ জন অসুস্থ হওয়ায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিস্কটু সরবরাহকারী সংগঠন আরডিআরএস বাংলাদেশকে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট সরবরাহ সাময়িক বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি অরো জানান, পরীক্ষার জন্য ওই বিস্কুটের নমুনা ব্যাংকক পাঠানো হয়েছে। ফলাফল এলে এর কারণ জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন বলেন, ফুড পয়জনিংয়ের কারণে এ ঘটনা ঘটতে পারে। অধিকাংশ শিক্ষার্থীরা বিস্কুট খাওয়ার পর বমি করেছে। তাই তারা এখন আশঙ্কামুক্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্কুটের নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত এই কর্মরসূচি বন্ধ রাখা হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ২০০৮ সাল থেকে গাইবান্ধায় এই বিস্কুট বিতরণ করে আসছে।
গত বুধবার এই বিস্কুট খেয়ে গোবিন্দগঞ্জের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক এবং বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাইয়াগঞ্জ চাঁদপুর আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.
bdnews24