ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্যে আগামী ১৫ জানুয়ারি থেকে রাজধানীর মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত ১৪টি স্কুলবাস চালু করবে সরকার।
যোগাযোগমন্ত্রী আবুল হোসেন বৃহস্পতিবার তার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
যোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলকভাবে একটি প্রকল্পের অধীনে এ বাস সার্ভিস চালু করা হবে। এটি সফলভাবে পরিচালনা করা গেলে এবং শিক্ষার্থীদের চাহিদা থাকলে অন্য সব রুটেও এ সার্ভিস চালু করা হবে।
পরীক্ষামূলকভাবে মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত রুটে ৩১টি স্কুলের শিক্ষার্থীদের স্কুল শুরুর সময়ে ১০ মিনিট পরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এবং ছুটির সময়ে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার জানান, ১৪ টি বাসে ১৪০০ শিক্ষার্থী পরিবহন করা হবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৩৩ টি যাত্রী ছাউনিতে শিক্ষার্থীরা দাঁড়াতে পারবে। এসব টিকিটের মূল্য সর্বনিু ৫ টাকা এবং সর্বোচ্চ ১৮ টাকা হতে পারে। তবে ভাড়া পরবর্তীতে আরো সহনীয় পর্যায়ে রাখা হবে।
যোগাযোগমন্ত্রী আরো জানান, ২০১১ সালের জুন মাসের মধ্যে বিআরটিসির এক হাজার ২৫টি বাস চালু করা হবে। এর মধ্যে এ বছরের ডিসেম্বরের মধ্যেই চীন থেকে নতুন ১৭৫টি বাস আনা হবে। ভারত থেকে ৬৫০টি, কোরিয়া থেকে ইডিসিএফ ঋনের আওতায় ৩০০টি বাস আনার প্রক্রিয়া চলছে।
এছাড়াও এ বছরের মে মাসে চালু হয়েছে ১০০ বাস।
বিআরটিসি পরিচালিত এসব বাস চালু হলে রাজধানীতে যানজট কমবে বলে যোগাযোগমন্ত্রী আশা প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিসি'র চেয়ারম্যান মেজর ইকবাল, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুজিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক জাকির হোসেন, সিটি কর্পোরেশন প্রতিনিধি ক্যাপ্টেন বিক্রম কুমার সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১২৪৯ ঘ.
bdnews24