নওগাঁ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের একমাসের বেশি সময় পরও নওগাঁর মান্দা উপজেলার এক স্কুলছাত্রীকে উদ্ধার করা যায়নি।
এ ঘটনায় দায়ের করা মামলার কোনো আসামিও এখনো গ্রেপ্তার হয়নি।
মেয়েটি (১২) উপজেলার বাথইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নানার বাড়ি চককানু গ্রামে যাবার পথে বাথইল পাকা ব্রিজ এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে।
ঘটনার দু'দিন পর জসরাই গ্রামের নাজিম উদ্দিন, জামাল উদ্দিনসহ পাঁচ জনকে আসামি করে মান্দা থানায় একটি মামলা করেন মেয়েটির বাবা ইসাহাক আলী।
ইসাহাক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একমাসের বেশি সময় পার হলেও পুলিশ মেয়েটিকে উদ্ধার কিংবা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
তিনি অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেপ্তার করছে না। তারা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সহিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তার এবং মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১২ ঘ.
bdnews24