চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারিমা রহমানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার প্রেমিক এসএম তোহা সোহরাব।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় ১৫ পৃষ্ঠার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তোহা।
মহিসন জানান, মহানগর হাকিম বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত জবানবন্দি রেকর্ড করেন।
তিনি বলেন, "তোহা ওরফে সৌরভ নগরীর ইস্ট ডেল্টা ইউনিভিার্সিটির ছাত্রী সারিমা রহমানের সঙ্গে তার পরিচয় ও প্রেম বিষয়ে জবানবন্দিতে বিস্তারিত বিবরণ দেন।
"তিনি কিভাবে সারিমাকে ডেকে আনেন এবং ছুরিকাঘাত করে খুন করেন তার বিস্তারিত বর্ণনা দেন জবানবন্দিতে।"
শুক্রবার গভীর রাতে নগরীর সিটি গেইট এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস থেকে এসএম তোহাকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকালে নগরীর আমীরবাগের ৫৬/বি আইডিয়াল হাউজ নামক আবাসিক ভবনের ছাদে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমেস্টারের শিক্ষার্থী সারিমা রহমানকে (১৯) ছুরিকাঘাত করেন তোহা। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে সারিমার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৫৩ঘ.
bdnews24