ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের একটি ভবনের বারান্দার রেলিং ভেঙ্গে পড়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- গিয়াস উদ্দিন আহম্মদ ও মিরাজুল হুদা। তারা ভবনটির বর্ধিত অংশ নির্মাণকাজের তত্ত্বাবধানে ছিলেন।
সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। সন্ধ্যা সাতটায় উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভা বসে।
প্রাথমিকভাবে তত্ত্বাবধানের কাজে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক আরেফিন সিদ্দিক আরো জানান, সিন্ডিকেট সভায় ভবন ধ্বসে পড়ার কারণ অনুসন্ধানে উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদকে প্রধান করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১৫দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।
এর আগে বিকাল পাঁচটার দিকে রোকেয়া হলের চামেলী ভবনের পাঁচ তলার বারান্দার রেলিং ভেঙ্গে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
রোকেয়া হলের প্রভোস্ট ড. লায়লা নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটা আগের হলেও এর পঞ্চম তলা নতুন করা হয়েছে। পাঁচ মাস আগে আমরা এর উদ্বোধন করেছি। তবে কী কারণে নতুন এ অংশ ভেঙ্গে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে।"
রেলিং ভেঙ্গে পড়ার পর উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ও প্রো-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩১৮ ঘ.
bdnews24