২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভর্তি কার্যক্রম সফল: ঢাবি উপাচার্য

অনলাইন ভর্তি কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় শতকরা ৯৯ ভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 03:22 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনলাইন ভর্তি কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় শতকরা ৯৯ ভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার সকালে অনলাইনে ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। আরেফিন সিদ্দিক বলেন, "গত বছর ভর্তি ফরম বিক্রি হয়েছিল এক লাখ ২০ হাজার। এবার মাত্র নয় দিনে এক লাখ ১৫ হাজার ছয়শ ৯৮টি ফরম ডাউনলোড হয়েছে। ফরম বিতরণ প্রক্রিয়া আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।" শিক্ষা বোর্ডগুলো এবং শিক্ষার্থীদের অসচেতনতার কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কাগজপত্রে ভুল থাকার ফলে শিক্ষার্থীরা ফরম পূরণে ভোগান্তির শিকার হয়েছে বলে জানান তিনি। উপাচার্য বলেন, "ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের কিছু ভোগান্তি হয়েছে এটা ঠিক। তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ ছিল। তাদের যে ভোগান্তি হয়েছে এটা মোকাবেলার পদক্ষেপ নিয়েছি।" কাগজপত্রে ভুল থাকলেও কোনো শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকবে না উল্লেখ করে উপাচার্য বলেন, "ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের অবশ্যই নিজস্ব বোর্ড থেকে কাগজপত্র ঠিক করিয়ে আনতে হবে।" মাদ্রাসা শিক্ষার্থীদের জিপিএ বাড়ানো-কমানো নিয়ে বিভিন্ন পত্রিকা বিভ্রান্তিকর তথ্য দিয়েছে মন্তব্য করে আরেফিন সিদ্দিক বলেন, "মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের নম্বরপত্রে নম্বর বসানো ভিন্ন হওয়ায় সাময়িক সমস্যা হয়েছে।" তবে ইতিমধ্যে মাদ্রাসা বোর্ড থেকে সংধোতি তথ্য (আপডেটেড ডাটা) এনে সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কারিগরি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ জানান, বুধবার পর্যন্ত তারা শিক্ষার্থীদের সাতশটি লিখিত অভিযোগ পেয়েছেন। এর মধ্যে পছাশ একটির জবাব দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে অভিযোগ এসেছে দুশটি। এর একশটির জবাব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান ও জনসংযোগ কর্মকর্মা আশরাফ আলী খান প্রমুখ। গত ২৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিজস্ব তত্ত্বাবধানে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু করে ঢাবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১৮ ঘ.