ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন গার্লস কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিয়া নূর মিতার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের ছাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইডেন কলেজের দুই নং গেটের সামনে তারা এ মানববন্ধন করে। এতে কলেজের দুইশরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, মিতা হত্যার এক মাস ছয়দিন পার হলেও গ্রেপ্তার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। পুলিশ তাদের চারবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও হত্যাকাণ্ডের কোনো প্রমাণ উদ্ধার করতে পারেনি।
এলাকার প্রভাবশালী মহলের সহযোগিতায় সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা অভিযোগ করেন। মিতার পরিবারের নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
গত ২৪ অগাস্ট তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষে মিতা তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ায় যান। ৩১ অগাস্ট এলাকার একটি পুকুর থেকে পুলিশ মিতার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মিতার বাবা লিয়াকত হোসেন মোল্লা বাদি হয়ে ওইদিনই একটি হত্যামামলা করেন।
মিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
মিতা হত্যায় জড়িত অভিযোগে গত ৩ সেপ্টেম্বর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং চার দফা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে।
তাদের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯১৭ ঘ.
bdnews24