জান্নাতুল ফেরদাউস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিকে বইয়ের চাহিদা বৃদ্ধির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমে যাওয়াই বইয়ের চাহিদা বাড়ার কারণ।
প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পাওয়ায় ২০১১ শিক্ষাবর্ষে বইয়ের চাহিদা বেড়েছে ৩০ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া ড্রপ-আউটের হার কমায় প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বইয়ের চাহিদা বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বছর প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও দাখিল (ভোকেশনাল) এবং এসএসসি (ভোকেশনাল) এর জন্য ২৩ কোটি ২০ লক্ষ ৫৪ হাজার ২৩৪ কপি বই ছেপেছে। গতবারের তুলনায় এ সংখ্যা ২০ দশমিক ২৩ শতাংশ বেশি।
পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ তদারকিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক রতন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া চাহিদা অনুযায়ী বই ছাপিয়ে সরবরাহ করা হয়েছে। ছাপানো বইয়ের শতকরা হার দেখে বোঝা যায় প্রাথমিকে শিক্ষার্থী ড্রপ-আউটের হার কমেছে।
"শিক্ষাবর্ষের শুরুতেই বিনামূলে নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ফলে ড্রপ-আউটের হার কমছে।"
এ বছর প্রাথমিকে ছাপানো বইয়ের সংখ্যা ১০ কোটি ৪৫ লক্ষ ৫১ হাজার ৪৭৫ কপি, যা গতবারের তুলনায় ৩০ দশমিক ৩৩ শতাংশ বেশি। গত বছর এ সংখ্যা ছিলো ৮ কোটি ২ লক্ষ ১৫ হাজার ৭৬১ কপি।
এ বছর মাধ্যমিক স্তরে বাংলা ও ইংরেজি মাধ্যম মিলে ৯ কোটি ৪০ লক্ষ ৯ হাজার ৪৩৯ কপি বই ছাপানো হয়েছে, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৮২ শতাংশ বেশি।
তবে এবার মাদ্রাসা শিক্ষার ইবতেদায়ী (প্রাথমিক) স্তরে বই কম ছাপাতে হয়েছে।
২০১০ শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষার ইবতেদায়ী (প্রাথমিক) স্তরে ছাপানো বইয়ের সংখ্যা ছিলো এক কোটি ৭৪ লক্ষ ৫ হাজার ২৩১ কপি। এ বছর ছাপানো হয়েছে এক কোটি ৬৮ লক্ষ ২৫ হাজার ৩৯ কপি, যা গতবছরের চেয়ে প্রায় ৩ দশমিক ৩৩ শতাংশ কম।
অবশ্য দাখিল ও দাখিল (ভোকেশনাল) এ গত শিক্ষাবর্ষের তুলনায় বইয়ের চাহিদা ১২ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর এসএসসি ভোকেশনালে বেড়েছে ২০ দশমিক ৬৫ শতাংশ।
আগামী বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
অধ্যাপক রতন সিদ্দিকী জানান, ৩০ নভেম্বরের মধ্যেই জেলা পর্যায়ে সব স্তরের বই পৌঁছে দেওয়া হবে। এরপর জেলা থেকে ১৫ দিনের মধ্যেই উপজেলায় বই পৌঁছে দেওয়া হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারির ১ তারিখ নতুন বই নিয়ে ক্লাশ শুরু করতে পারবে।
ঝুঁকিপূর্ণ প্রেস:
আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিশ্চিত করতে এনসিটিবি বিশেষ সতর্কতা অবলম্বন করছে। এ লক্ষ্যে এনসিটিবি ৪৩টি ছাপাখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এগুলোকে পর্যবেক্ষণ করছে এনসিটিবির মনিটরিং কমিটি।
জানা গেছে, এক শতাংশ কাজও হয়নি এমন ১০টি ছাপাখানাকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এগুলো হচ্ছে: আমিন আর্ট প্রেস, রাইয়ান প্রিন্টার্স, এশা মুদ্রণ, ফারহানা অফসেট প্রিন্টার্স, সোলেমানিয়া প্রিন্টিং অ্যান্ড পাবলিশার্স, নিউ জাহিদ আর্ট প্রেস, বিসমিল্লাহ প্রিন্টার্স, কিং প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজ, জাতীয় মুদ্রণ এবং সরকার প্রেস।
অধ্যাপক রতন সিদ্দিকী চিহ্নিত ঝুঁকিপূর্ণ ১০টি প্রেসের তালিকা তৈরির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ মাসের মধ্যে এই ১০টি প্রকাশনা তাদের কাজের সম্ভাবনাময় অগ্রগতির কথা না জানাতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বাদ দিয়ে অন্য প্রকাশনাকে দিয়ে দ্রুত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিশ্চিত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এমআই/১৫৪০ ঘ.
bdnews24