ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা- ২০১০' বাস্তবায়নের মাধ্যমে ২৮তম বিসিএসের দুই হাজার সাতশ জন নন-ক্যাডার প্রার্থীকে অবিলম্বে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় '২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থী' ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রার্থী ওসমান গনী, জাকির হোসেন, নাসরিন ইসলাম, আসাদুজ্জাসান, বাদল ও স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলের আগে চলতি বছরের ১০ মে সংস্থাপন মন্ত্রণালয় 'নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা-২০১০' জারি করে। অধ্যাদেশের আলোকে পিএসসি নন-ক্যাডার পদে নিয়োগের আবেদনপত্র চাইলে ১৮ জুলাই থেকে ২২ জুলাই উত্তীর্ণ প্রার্থীদের দুই হাজার সাতশ জন আবেদনপত্র জমা দেন।
অতিদ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা অভিযোগ করেন, সরকারের অবহেলায় দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদ শূন্য থাকার পরও তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৩৬ ঘ.
bdnews24