ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে।
অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করা না হলে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে 'প্রতিহত' করা হবে বলেও ঘোষণা দিয়েছে তারা।
দুপুর ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়।
সেখানে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "ছাত্রদল ১৮ জানুয়ারি ক্যাম্পাসে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এখন ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে ভবিষ্যতে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ জানুয়ারির সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় মামলা করে ছাত্রদল। এতে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীসহ ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/২০২২ঘ.
bdnews24