২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র হলে কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগ

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে শুক্রবার রাতে ১০টি কক্ষ ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 06:27 PM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে শুক্রবার রাতে ১০টি কক্ষ ভাঙচুর হয়েছে। এ সময় কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দুইপক্ষ দাবি করেছে। তবে কেউ আহতদের নাম জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে জিয়া হল ছাত্রলীগ সভাপতি রিফাত হোসেন জিকুর সমর্থকরা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগসহ তার সমর্থক কর্মীদের ১০টি কক্ষ ভাঙচুর করে। এ সময় সোহাগের সমর্থকরা বাধা দিলে দু'পক্ষের মধ্যে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সাইফুল ইসলাম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সমর্থক মার্কেটিং প্রথম বর্ষের ছাত্র বোরহানউদ্দীন রাতের খাওয়া শেষে ক্যান্টিন থেকে বেরিয়ে আসার সময় জিকু তার সমর্থকদের নিয়ে ধাওয়া করে। বোরহান দৌড়ে তার (সোহাগের) কক্ষের দিকে গেলে হামলাকারীরা অনেকগুলো কক্ষ ভাঙচুর করে। এদিকে সোহাগের অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন জিকু বলেন, "সোহাগ তার এলাকার প্রথম বর্ষের কর্মীদের দিয়ে একজন সিনিয়র ছাত্রকে লাঞ্ছিত করেছে। এ ঘটনার প্রতিবাদে আমাদের জুনিয়র কর্মীরা তাদের কয়েকটি কক্ষ ভাঙচুর করে।" হল প্রাধ্যক্ষ অধ্যাপক আবম ফারুক বলেন, "ঘটনার পরপরই আমি হলে এসেছি। এখন ছাত্রদের কাছে পুরো ঘটনা শুনছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা বের করার চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/ডিডি/০০১৫ ঘ.