ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।
শনিবার রাজধানীর আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১৭ অক্টোবর তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ শুরু হবে।
এ বছর প্রায় ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার শিক্ষার্থীর জন্য ১৮ কোটি ৬৪ লাখ ২৭ হাজার পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ৭ কোটি ৮ লাখ ১০ হাজার ৯০৭ এবং মাধ্যমিক স্তরে ৭ কোটি ৪৮ লাখ ৭ হাজার ২২২ কপি বই রয়েছে।
এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবতেদায়ি স্তরে ১ কোটি ৭৪ লাখ ৫ হাজার ২৩৮ এবং দাখিল স্তরে ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ১৪৬ কপি বই ছাপানো হয়েছে। কারিগরি শিক্ষা স্তরের জন্য ছাপানো বইয়ের সংখ্যা ১৬ লাখ ৪০ হাজার ৪৩৭ কপি।
বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা সারাদেশে শিক্ষার্থীদের বই তুলে দিতে পাঠ্যপুস্তক বিতরণের কর্মসূচি নিয়েছি। সারাদেশে এ কর্মসূচি আজ থেকে শুরু হয়ে গেছে।''
বই বিতরণ কর্মসূচি তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।
বছরের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়ার আশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বই বিতরণ কর্মসূচি মনিটরিং করছি। সব শিক্ষার্থীর হাতে এবার পাঠ্যপুস্তক পৌঁছানোর বিষয়ে আমরা আশাবাদী।"
ইতোমধ্যে সারাদেশে মাধ্যমিক ও প্রাথমিক স্কুল, মাদ্রাসা এবং কারিগরি ইন্সটিটিউটগুলোতে ২০১০ সালের পাঠ্যপুস্তক পৌঁছে গেছে বলেও জানান মন্ত্রী।
অতীতে কেবল প্রাথমিক স্তরে বিনামূল্যে বই দেওয়া হতো।
এ সময় অন্যদের মধ্যে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চেয়ারম্যান মোস্তফা কামাল, ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশিদ ও স্কুলটির অধ্যক্ষ হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ধানমণ্ডি সরকারি বয়েজ হাইস্কুল ও আরমানিটোলা সরকারি হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৮৪৯ ঘ.
bdnews24