ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। হামলার শিকার হয়েছেন নতুন কমিটির তিন নেতা।
শনিবার সকালে ডাকসু ভবনের সামনে হামলায় আহতরা হন নতুন কমিটির আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম মনি, স্বাস্থ্যসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক এজমল হোসেন পাইলট ও সহ দপ্তর সম্পাদক জিয়াউল রহমান জিয়া।
এর পর কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়া নেতারা তাদের সমর্থকদের নিয়ে মিছিলের পর ক্যাম্পাসে ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ করে এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।
সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি শুক্রবার ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সকাল ১১টার দিকে ডাকসু ভবনের সামনে তিন ছাত্রদল নেতাকে মারধর করা হয়। ছাত্রদলের আগের কমিটির পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম খোকন ও সমাজসেবা সম্পাদক আহসান উদ্দিন শিপন হামলাকারীদের মধ্যে ছিলেন।
পলাশ, খোকন ও শিপন নতুন কমিটিতে স্থান পাননি।
শীতকালীন ছুটির পর বিশ্ববিদ্যালয় খোলার দিনই এ ঘটনা ঘটলো। সংঘর্ষের খবরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদলের কমিটি নিয়ে দলীয় কোন্দলের কথা শুনে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।"
ওই ঘটনার কিছুক্ষণ পর বেলা সাড়ে ১২টার দিকে মধুর কেন্টিন থেকে টুকুর কুশপুত্তলিকা নিয়ে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে ডাকসুর সামনে এসে শেষ হয়। সেখানে কুশপুত্তলিকা দাহ করা হয়।
নতুন কমিটির অনেকে ওই মিছিলে ছিলেন, যারা বলছেন তারা প্রত্যাশিত পদ পাননি।
এর মধ্যে রয়েছেন যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ ইমরান, আনোয়ার হোসেন টিপু, সহ-সাধারণ সম্পাদক তরুণ দে, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিশু, মো. সাইফুল ইসলাম, পাঠাগার সম্পাদক আব্দুল মান্নান ফরহাদ, ক্রীড়া সম্পাদক আহসানুল হক রয়েল, অর্থ সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন খান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-ধর্ম সম্পাদক আইনুল হক অনিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রেজিন, সহ-ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান সুমন প্রমুখ।
মিছিল শেষে সমাবেশে আগের কমিটির সমাজসেবা সম্পাদক শিপন নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সমাবেশে বক্তারা তারেক রহমানের তত্ত্বাবধানে নতুনভাবে ছাত্রদলকে সংগঠিত করার দাবি জানান।
সাবেক পাঠাগার সম্পাদক পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভাপতি টুকু ও সাধারণ সম্পাদক আলিম একটি কমিটির খসড়া করেছিলেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগমুহূর্তে ৫০টি নাম পরিবর্তন করে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।"
এ জন্য টুকুকেই দায়ী করেন পলাশ।
সাধারণ সম্পাদক আলিম বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন কমিটি পুনর্গঠনের ক্ষমতা কেবল নেত্রীর (খালেদা জিয়া)। তিনি ইচ্ছা করলে এর প্রতিবিধান করতে পারেন।"
এদিকে এর মধ্যেই হাকিম চত্বর এলাকায় অবস্থান নেয় গত বছরের জুলাই মাসে ছাত্রদল থেকে বহিষ্কৃত ফিরোজ-নিরব গ্র"পের সমর্থকরা।
ওই সময় টুকু-আলিমকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও যুগ্ম সম্পাদক সাদিউল কবীর নীরবের নেতৃত্বে একটি অংশ ওই কমিটির বিরোধিতা করে। তখন চারজনকে বহিষ্কার করা হয়।
ফিরোজ-নীরব গ্র"পের অন্যতম নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আকরামুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন কমিটিতে স্থান পাওয়াদের অতীত দিনের কর্মকাণ্ডের কথা ভেবে আমরা হতাশ। তবে খালেদা জিয়ার সাইন (স্বাক্ষর) করা এ কমিটির বিরুদ্ধে আমরা অবস্থান নেবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24