ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক ও গণমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবি নিয়ে বৃহস্পতিবার রাজধানীতে শিক্ষা দিবস পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের চাপিয়ে দেওয়া 'জাতীয় শিক্ষানীতি' বাতিলের দাবিতে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্ররা বিক্ষোভ করলে পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, মোস্তফা ও বাবুলসহ বেশ কয়েকজন নিহত হয়।
এরপর থেকে বিভিন্ন ছাত্র সংগঠন দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার হাইকোর্টের সামনে যে স্থানটিতে ১৯৬২ সালে পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছিল, সেখানে (শিক্ষা অধিকার চত্বর) শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ছাত্র সংগঠন।
সকালে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন এ চত্বরে ফুল দিয়ে শিক্ষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএইচ/১৯২৬ ঘ.
bdnews24