রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অজ্ঞাতনামা তরুণীর বিষপানে আত্মহত্যার ঘটনার পর ক্যাম্পাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তারও পরিচয় পাওয়া যায়নি।
দুপুর ২টার দিকে ক্যাম্পাসের বদ্ধভূমি এলাকায় রাস্তার পাশে ভ্যানের ওপর রাখা অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মতিহার থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান জানান, যুবকটির বয়স আনুমানিক ২৮ বছর। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি জানান, অন্য কোথায় হত্যা করে লাশটি ফেলে রেখে যাওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সকালে ক্যাম্পাসের চারুকলা বিভাগ চত্বরে অজ্ঞাতনামা এক তরুণী বিষপানে আত্মহত্যা করে।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, দুটি বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। ঘটনা দুটির কোন যোগসূত্র আছে কিনা পুলিশ সেটিও খতিয়ে দেখছে।
একই দিন কয়েক ঘণ্টার মধ্যে দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়েছে।
সোহরাওয়ার্দী হলের শহীদুল ইসলাম, সাইফুর রহমান আকন্দ, সৈয়দ আমীর আলী হলের খোরশেদ আলম, শাহ্ মখদুম হলের আতিকুর রহমান তমালসহ একাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসের বাসিন্দাদের কথা বিবেচনা করে নিরাপত্তা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24