মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে কোনও শিক্ষানীতি না থাকার খেদ থেকে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মঙ্গলবার বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এর মধ্যেই অবশ্য সরকার গঠিত শিক্ষানীতি প্রণয়ন কমিটি একটি প্রতিবেদন তৈরি করেছে, তবে এর আগের কমিটিগুলোর সুপারিশ আলোর মুখ না দেখায় নতুন প্রস্তাবিত শিক্ষা নীতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০০৯ গত ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে তাদের প্রতিবেদন জমা দেন। সোমবার শিক্ষামন্ত্রী তা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।
শিক্ষানীতি কমিটির প্রতিবেদন বাস্তবায়নে মতামত দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে কোনও শিক্ষানীতি নেই।"
স্বাধীনতার পর শিক্ষানীতি প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থা সংস্কারে এর আগে নয়টি কমিটি গঠন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. অজয় রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন করার পদক্ষেপ সরকারকেই নিতে হবে।"
এ জন্য মন্ত্রিসভায় অনুমোদন করে সেটি চলতি সংসদেই উত্থাপন করে বাস্তবায়নের ব্যবস্থা করার পরামর্শ দেন প্রবীণ এ শিক্ষাবিদ।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ অবশ্য বলে আসছেন, চলতি বছর থেকেই শিক্ষানীতি বাস্তবায়ন করা হবে।
জমা দেওয়া শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তরকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছে।
মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার সুপারিশ করে শিক্ষানীতির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা, নৈতিক শিক্ষাসহ জাগতিক কিছু বিষয় শিক্ষার অন্যান্য ধারার সঙ্গে অভিন্ন পাঠ্যসূচির আওতায় বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
কমিটির সুপারিশ করার দুটো বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে তা সংশোধনের কথা বলেন অজয় রায়।
তিনি বলেন,"মাদ্রাসা শিক্ষার বিষয়ে যে সব সুপারিশ করা হয়েছে, তা 'ধরি মাছ না ছুঁই পানি'র মতো হয়েছে। এখানে অত্যন্ত সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে।
"এছাড়া দশম শ্রেণীর পর এসএসসি পরীক্ষা বাদ দিয়ে মাধ্যমিক স্তরকে চার বছর মেয়াদী করার সুপারিশও অনেক লম্বা সময়।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব শিক্ষার্থীকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো যদি প্রাথমিক শিক্ষাকে আট বছর মেয়াদী করার উদ্দেশ্যে হয়, তবে আমার কোনও আপত্তি নেই। তবে কেবল যদি পঞ্চম শ্রেণীকে অষ্টম শ্রেণী করা হয় তবে আমার আপত্তি আছে।"
তিনি প্রাথমিক শিক্ষাকে আট বছর মেয়াদী এবং মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়নের কলাকৌশল নিয়ে প্রশ্ন তুলেন।
অধ্যাপক সালেহ বলেন, "বর্তমানের প্রাথমিক বিদ্যালয়গুলো তিনকক্ষ বিশিষ্ট। অষ্টম শ্রেণী পর্যন্ত হলে সেটা বাড়াতে হবে। একই ভাবে মাধ্যমিক স্তরের ক্ষেত্রেও তাই করতে হবে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে যেমন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো কঠিন হবে, তেমনি কলেজের শিক্ষকরা মাধ্যমিকে আসতে চাইবে না। এসব কলাকৌশল ভাবতে হবে।"
৩৮ বছরে নয় শিক্ষা কমিশন
স্বাধীনতার পর দেশে নয়টি শিক্ষা কমিশন গঠন ও নীতি প্রস্তাব করা হলেও এখন পর্যন্ত কোনও কমিশনের সুপারিশ বা কোনও নীতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি।
এমনই পরিস্থিতিতে আরও একটি শিক্ষানীতি তৈরি করা হচ্ছে।
স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ১৯৭২ সালের ২৬ জুলাই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে একটি নতুন শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেন। ওই বছরের ২৪ সেপ্টেম্বর বিজ্ঞানী ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে ১৯ সদস্যের একটি কমিশন করা হয়। কমিটি ১৯৭৪ সালে প্রতিবেদন জমা দেয়। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার পর ওই প্রতিবেদন বাক্সবন্দি হয়ে পড়ে।
খুদা কমিশনের মৌলিক নীতির মধ্যে ছিল ১৯৮৩ সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। কিন্তু এ সুপারিশ বাস্তবায়ন হয়নি।
এরপর রাজনৈতিক পট পরিবর্তনে সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। ১৯৭৯ সালে জিয়া সরকার কাজী জাফর আহমেদকে শিক্ষা উপদেষ্টা নিয়োগ করে। খুদা শিক্ষা কমিশনকে এড়িয়ে কাজী জাফরের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন শিক্ষা নীতি (জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি)। কিন্তু এ কমিটির প্রতিবেদনও সরকার পরিবর্তনের মধ্যে আড়ালে চলে যায়।
এ কমিটির সুপারিশে ছিল ১৯৮৩ সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা। কিন্তু এটি করা হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১৯৯২ সাল থেকে। এ কমিটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ে বাধ্যতামূলকভাবে শিক্ষকতার কাজে নিয়োগের সুপারিশ করছিল। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।
আরেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় এসে ১৯৮৩ সালে আব্দুল মজিদ খানের নেতৃত্বে শিক্ষানীতি ও ব্যবস্থাপনা কমিশন গঠন করে। কিন্তু ছাত্র বিক্ষোভের মুখে এ কমিশন বাতিল করা হয়। ১৯৮৬ সালে মফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে করা হয় আরেকটি শিক্ষা কমিশন। আন্দোলনের মুখে মফিজউদ্দিন শিক্ষা কমিশনও বাতিল করা হয়।
এরশাদ সরকারের পতনের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি সরকার। ক্ষমতায় এসে বিএনপি সরকার ১৯৯৩ সালে গঠন করে 'প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক টাস্কফোর্স'। এর সভাপতি ছিলেন বিজ্ঞান লেখক আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন। কিন্তু এ কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখেনি।
১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার, আবারও নতুন শিক্ষা নীতি। ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শামসুল হকের নেতৃত্বে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়। ৫৬ সদস্যের এ কমিটি ১৯৯৭ সালের সেপ্টেম্বরে প্রতিবেদন জমা দেয়।
সরকার প্রতিবেদনের সুপারিশ মুল্যায়ন, বাস্তবায়ন ও অর্থায়নের জন্য ড. নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যর একটি কমিটি করে। মুল্যায়ন কমিটি ১৯৯৮ সালের ১৩ অক্টোবর তাদের প্রতিবেদন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়। এ নিয়ে সংসদে আলোচনা-সমালোচনার হলেও ২০০১ সালে সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেটাও চাপা পড়ে যায়।
এ শিক্ষানীতির সুপারিশের মধ্যে ছিল- প্রাথমিক শিক্ষাকে আট বছর মেয়াদী করা, প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন শিক্ষাক্রম প্রবর্তন করা, সব প্রাথমিক বিদ্যালয়ে ন্যুনতম ৫টি কক্ষের ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১ : ৩৫ নির্ধারণ করা।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে একটি 'শিক্ষা সংস্কার বিশেষজ্ঞ কমিটি' গঠন করা হয়। কিন্তু এ কমিটির সুপারিশও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
ওই বছরের ২১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমস্যাবলী চিহ্নিত করে এর উন্নতিকল্পে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। কমিশনের চেয়ারম্যান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞাকে। ২০০৩ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চেয়ারম্যানকে কমিশন গঠন সম্পর্কে জানানো হয়। ২৪ সদস্যর এ কমিশন ২০০৪ সালে মার্চে প্রতিবেদন জমা দেয়।
এ কমিশনের উল্লেখযোগ্য সুপারিশ ছিল ৩০টি। এসবের মধ্যে ছিল- সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় সরকারি করা, একমুখী মাধ্যমিক শিক্ষা, প্রাথমিকে শিক্ষক ছাত্রের অনুপাত ১:৩০ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ১:৪০ করা, একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন ইত্যাদি।
স্থায়ী শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করে ওই কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, তাদের কাজ হবে শিক্ষা কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের ব্যবস্থা করা, চলমান গবেষণার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সমস্যা নিরূপণ ও তার প্রতিকার এবং শিক্ষা ক্ষেত্রে নতুন চিন্তা চেতনার উদ্ভাবন ও তা প্রয়োগে সুপারিশ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/এমআই/১৮১১ ঘ.
bdnews24