২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সংঘর্ষের পর নোবিপ্রবি বন্ধ ঘোষণা

ঈদ ও পূজার ছুটির সময় নির্ধারণ নিয়ে বিবাদের জেরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদ ও পূজার ছুটির সময় নির্ধারণ নিয়ে বিবাদের জেরে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষের পর বৃহস্পতিবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় এক মাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে কদর, ঈদ ও পূজার ছুটির কারণে ৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হক ও প্রক্টর এএসএম আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঈদ ও পূজার ছুটির সময় নির্ধারণ নিয়ে ছাত্রছাত্রীরা দু'গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এক দল সময় এগিয়ে আনার এবং অপর দল সময় পেছানোর দাবি জানায়। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শুক্রবার সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে তারা জানান। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগের মুহিত গ্রুপের কর্মী বিনয় প্রতিপক্ষ অমিত গ্রুপের কর্মী মিতু ও ইমনকে মারধর করে। এ নিয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকদের মধ্যস্থতায় বিষয়টির আপাতত নিষ্পত্তি হলেও রাতে দু'গ্রুপের কর্মীদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় অমিত গ্রুপের কর্মীরা শহীদ সালাম হলের ছয়টি কক্ষে ভাংচুর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ হলে তল্লাশি চালিয়ে রামদা ও চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২১০ ঘ.