জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারের জন্য আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানিয়ে বলেন, "ওই আন্দোলন-সংগ্রাম একক কোন আন্দোলন ছিলো না। এটি ২৫ হাজার শিক্ষার্থীর আন্দোলন। তাই ষড়যন্ত্র করে কয়েকজন শিক্ষার্থীকে হয়রানিমূলক মামলা দিয়ে প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকতে পারবে না।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের 'হল উদ্ধার ও ছাত্র অধিকার রক্ষা কমিটি'র সদস্য মিজানুর রহমান।
গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেদখল ১২টি হল ও একটি খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনের সময় ছাত্র-পুলিশ সংঘর্ষের পর কয়েকজন শিক্ষার্থীকে আসামী করে মামলা করে পুলিশ।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, অবিলম্বে বিনা শর্তে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী শনিবার মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২২১৬ ঘ.
bdnews24